প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন আগুনে পুড়িয়ে মারা ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির বাবা এ কে এম মুসা, মা শিরিনা আক্তার ও দুই ভাই। গতকাল সোমবার সকালে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলে শেখ হাসিনা তাদের সমবেদনা জানানোর পাশাপাশি ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের প্রত্যয় জানান।
পরে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী নুসরাতের পরিবারের প্রতি সান্ত্বনা ও গভীর সমবেদনা জানান। তিনি বলেন, দুষ্কৃতকারীরা কেউই আইনের হাত থেকে কোনোভাবেই রেহাই পাবে না। অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে প্রতিবাদ করে নুসরাত এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় নুসরাতের বাবা-মা এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
নুসরাত গত ২৭ মার্চ ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। পরে ৬ এপ্রিল নুসরাত আলিম পরীক্ষা দিতে কেন্দ্রে গেলে ছাদে ডেকে নিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেয় মুখোশ পরা একটি দল। গত ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নাসরাত মারা যান।
নুসরাতের মৃত্যুর পর ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশজুড়ে বিক্ষোভ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি নির্দেশ দেন। এর আগে প্রধানমন্ত্রী তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন।
