বকেয়া বেতনের দাবিতে পাঁচ পোশাক কারখানায় অসন্তোষ দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত কর্মবিরতিতে গিয়ে দফায় দফায় সড়ক এবং মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে শ্রমিকরা। তাদের অভিযোগ, এ সময় পুলিশ তাদের ওপর গরম পানি নিক্ষেপ করেছে।
শ্রমিকদের অভিযোগ, প্রতিমাসে জিকে ও গ্লোবাল ফ্যাশনসহ অপর একটি কারখানা কর্র্তৃপক্ষ নির্ধারিত তারিখে বেতন পরিশোধ না করে কালক্ষেপণ করে। এমনকি বেআইনিভাবে কয়েক ধাপে মাসিক বেতন দেয়। অনেকবার এ ব্যাপারে অভিযোগ করেও কাজ হয়নি। সর্বশেষ এক মাসের বকেয়া বেতনের দাবিতে গত সোমবার কর্মবিরতি পালন করে তারা। পরে আজ (গতকাল) সকালে কারখানায় এসে ফের কর্মবিরতি শুরু করে। এ সময় পুলিশ তাদের ওপর অতর্কিত গরম পানি নিক্ষেপ করে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার স্ট্যান্ড এলাকায় দুপুরে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।
সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ জানান, সকালে সাভারের দিলখুশাবাগ এলাকার আজিম গ্রুপের জিকে গার্মেন্টসের প্রায় পাঁচ হাজার শ্রমিক বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে শ্রমিকরা কারখানার সামনের সাভার-বিরুলিয়া সড়ক অবরোধ করে।
এ সময় কর্র্তৃপক্ষ এবং পুলিশ দফায় দফায় সড়ক থেকে তাদের সরিয়ে দিলেও শ্রমিকরা বিক্ষোভ অব্যাহত রাখে। পরে আগামী ২ মে মালিকপক্ষ বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক থেকে সরে যায়।
এদিকে সকাল থেকে সাভারের কলমা এলাকায় অবস্থিত সেঞ্চুরি ডিজাইন অ্যান্ড ফ্যাশন লিমিটেড কারখানার তিন শতাধিক শ্রমিক চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কারখানার ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতিসহ বিক্ষোভ করেছে। পরে ২ মে বেতন পরিশোধের লিখিত প্রতিশ্রুতি দেওয়ায় শ্রমিকরা বাড়ি চলে যায়। অন্যদিকে আশুলিয়ার বেরন এলাকার ইয়াগি বাংলাদেশ লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানায় বকেয়া ছুটি ভাতার দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে শ্রমিকরা।
