ঝড়ে গাছ পড়া নিয়ে প্রতিবেশীকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১০:০৩ এএম

ঝিনাইদহ শৈলকুপার বসন্তপুর গ্রামে রতন মন্ডল (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন। বুধবার সকালে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত রতন মন্ডল  ওই উপজেলার বসন্তপুর গ্রামের রায়হান মন্ডলের ছেলে। আহতরা হলেন- একই গ্রামের তৈয়ব আলী, সেকেন মন্ডল, কবির মন্ডল, দুলাল মন্ডল, বাচ্চু মন্ডল ও আনোয়ার হোসেন মন্ডল।

স্থানীয় মহির উদ্দিন জানান, মঙ্গলবার সন্ধ্যায় প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বসন্তপুর গ্রামে সেকেন্দারের গাছের ডাল তার চাচতো ভাই ওলিয়ার রহমানে বাথরুমের উপর পড়ে।

বুধবার সকালে সেই গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুই ভায়ের মধ্যে তর্কবির্তক হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এতে রতন মন্ডল ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়। পরে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি কাজী আয়ূবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত