নুসরাত হত্যার ‘অন্যতম পরিকল্পনাকারী’ গ্রেপ্তার

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১২:০০ পিএম

ফেনীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় মোহাম্মদ শরীফ নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফেনী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাফি হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী ছিল শরীফ। মাদ্রাসা ছাত্রাবাসে সর্বশেষ বৈঠক এবং আগুন দেওয়ার সময় গেট পাহারার দায়িত্ব ছিল সে।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় যান নুসরাত জাহান রাফি। মাদ্রাসার এক ছাত্রী সহপাঠী নিশাতকে ছাদের ওপর কেউ মারধর করেছে এমন সংবাদ দিলে তিনি ওই বিল্ডিংয়ের তিন তলায় যান।

সেখানে মুখোশপরা ৪-৫ জন তাকে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলার বিরুদ্ধে যৌন হয়রানি মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। তিনি অস্বীকৃতি জানালে তারা গায়ে আগুন দিয়ে পালিয়ে যায় তারা।

গত ১০ এপ্রিল রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান অগ্নিদগ্ধ নুসরাত জাহান রাফি।

এ ঘটনায় অধ্যক্ষ সিরাজ উদ-দৌলা ও পৌর কাউন্সিলর মুকছুদ আলমসহ আটজনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন রাফির বড় ভাই মাহমুদুল হাসান নোমান।

এ হত্যাকাণ্ডে এনিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহারভুক্ত আটজনের মধ্যে সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত