তামিলনাড়ুর একাংশে ভোট বাতিল পূর্ব ত্রিপুরায় ভোট পিছিয়েছে

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ০৩:৩৫ এএম

লোকসভার দ্বিতীয় ধাপের নির্বাচনের আগেই বাতিল হলো তামিলনাড়ুর ভেলোর জেলার ভোট। ভোট বাতিলে নির্বাচন কমিশনের নেওয়া সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

ভেলোরে প্রয়াত জয়ললিতার দল এআইএপিএমকের কোষাধ্যক্ষ দুরাই মুরুগানের বাড়ি ও তার মালিকানায় থাকা কিংসটন মেডিকেল কলেজ থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করেছে আয়কর দপ্তর। নির্বাচন কমিশনের দাবি, ভোট কিনতেই ওই বিপুল পরিমাণ অর্থ মজুদ করা হয়েছিল।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ১৪ এপ্রিল রাষ্ট্রপতিকে ভেলোরে ভোট বাতিলের আবেদন জানায় নির্বাচন কমিশন।’ রাষ্ট্রপতি সম্মতি দেওয়ায় আজ তামিলনাড়ুর ৩৮টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হলেও ভেলোরের কোনো কেন্দ্রে ভোট হয়নি। উল্লেখ্য, একই কারণে আগেও এই রাজ্যে নির্বাচন বন্ধ করা হয়েছিল। এবারের নির্বাচনে তামিলনাড়ুতে এআইএডিএমকের সঙ্গে জোট বেঁধেছে ভারতীয় জনতা পার্টি।

কমিশনের দাবি, প্রাপ্ত অর্থ কয়েক ভাগ করে প্যাকেটবন্দি অবস্থায় ছিল। এছাড়া বেশ কিছু নথিও পাওয়া যায়। আয়কর দপ্তরের জিজ্ঞাসাবাদের পর মুরুগান জানাতে পারেননি ওই অর্থ কোথা থেকে এসেছে।

নির্বাচন কমিশনের এমন পদক্ষেপের সমালোচনা করেছেন ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন। কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, স্থানীয় বিরোধী দলের সভাপতির বাড়িতে প্রচুর অর্থ রাখা হয়েছে। সেখানে কেন আয়কর দপ্তর অভিযান চালাচ্ছে না এমন প্রশ্নও করেন তিনি। পাল্টা পদক্ষেপ হিসেবে তামিলনাড়ুর শাসক দল আদালতের শরণাপন্ন হয়েছে। গতকাল বুধবার কমিশনের নির্দেশের বিরুদ্ধে আপিল করেন ভেলোর কেন্দ্রের এআইএডিএমকে প্রার্থী এসি শানমুগামা।

এদিকে পূর্ব ত্রিপুরার স্থানীয়দের ভোট দেওয়ার ব্যাপারে ভয় দেখাচ্ছিলেন একদল লোক। তাদের মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। গত মঙ্গলবার রাতেই নিরাপত্তাজনিত কারণে পিছিয়ে দেওয়া হয়েছে পূর্ব ত্রিপুরা কেন্দ্রের ভোটের তারিখ। আজকের জায়গায় আগামী ২৩ এপ্রিল ওই কেন্দ্রে ভোটগ্রহণ হবে। গতকাল বুধবার পূর্ব ত্রিপুরার আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করেছে রাজ্য নির্বাচন কর্র্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত