পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সে দেশের সরকারের জারি করা সতর্কতা নোটিস নিয়ে চিন্তার কিছু নেই। ফেইসবুকে একটি স্ট্যাটাস দেখে তারা এই সতর্কতা দিয়েছে, এর বেশি কিছু নয়। গতকাল বুধবার সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি আরও বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এটা নিয়ে আমেরিকার কোনো মাথাব্যথা নেই। বরং বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন দেখে সে দেশের অনেকে আমাদের এখানে বিনিয়োগ করতে আগ্রহী।
দক্ষিণ সুরমার কদমতলীতে টাটা গাড়ির তিন দিনব্যাপী মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের আরেক প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটে সরকারি হাসপাতালের সংকট রয়েছে। নতুন হাসপাতাল নির্মাণ মানুষের দীর্ঘদিনের দাবি। তাই আবু সিনা ছাত্রাবাসের ঐতিহ্য সংরক্ষণ করে বাকি জমিতে সিলেট জেলা হাসপাতাল নির্মাণ করা হবে। এটা নিয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো সুযোগ নেই। নিটল মোটরসের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ। পরে সিলেট সিটি বাস সার্ভিসের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী।
