বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্যারোলে দেশের বাইরে যাচ্ছেন, দিন-তারিখ উল্লেখসহ মিডিয়ায় প্রকাশিত এমন সংবাদ গোয়েন্দা সংস্থার প্রোপাগান্ডা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, খালেদা জিয়াকে নিয়ে মাইনাস থিওরি বন্ধ করুন। রিজভী বলেন, খালেদা জিয়ার প্যারোল সংক্রান্ত সূত্রবিহীন এসব খবর সরকারপন্থি কয়েকটি মিডিয়া প্রতিদিন মনগড়াভাবে প্রচার করে যাচ্ছে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, ‘ওয়ান-ইলেভেনের সরকার মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করতে চেয়েছিল। কিন্তু সে সময় খালেদা জিয়ার আপসহীন কঠোর ভূমিকায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছিল। তারা সফল হলে আজ আপনি প্রধানমন্ত্রী হতে পারতেন না। আইনকে তার নিজের গতিতে চলতে দিন। অপতৎপরতা বন্ধ না করলে আপনাদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।’
×
