বন্ধ করে দেওয়া পোশাক কারখানা মোভিভো অ্যাপারেলস ফের চালুসহ বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়েছে শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
এতে ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, ‘সাভারের আশুলিয়ার মোভিভো অ্যাপারেলস কারখানায় প্রায় ৫৫০ শ্রমিক দীর্ঘদিন কাজ করছিলেন। কারখানা মালিক শ্রমিকদের সঙ্গে কোনো আলোচনা না করে এবং কোনো নোটিস না দিয়ে গত ১৭ এপ্রিল বেআইনিভাবে কারখানাটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেন। এরপর শ্রমিকরা কারখানার কর্র্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কোনো সমাধান পাননি।’
কারখানার নারী শ্রমিক জুলেখা বেগম বলেন, ‘গত কয়েক মাস ধরে সেখানে কোনো ধরনের বেতন- ভাতা পরিশোধ করা হয়নি। মার্চ মাসের বেতন অর্ধেক করে দিয়েছে এবং বাকি বেতন এ মাসেই দেওয়ার কথা। কিন্তু ১৭ তারিখে সকালে কাজ করতে গিয়ে দেখি কারখানা বন্ধ।’ মানববন্ধনে ফেডারেশনের সাধারণ সম্পাদক আরিফা আক্তারসহ কারখানার কর্মীরা উপস্থিত ছিলেন। এতে কারখানা খুলে দেওয়াসহ বকেয়া বেতন-ভাতা, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটির টাকা ও অর্জিত ছুটির টাকা পরিশোধ এবং বাংলাদেশের শ্রম আইন ২০০৬ এর ২৬ ধারা অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।
