বেলকুচিতে মা-মেয়েসহ ৩ জনের মরদেহ উদ্ধার

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ০৫:০৮ এএম

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার পৌর এলাকার ক্ষিদ্রমাটিয়া পশ্চিমপাড়া থেকে মা-মেয়ে এবং দৌলতপুর ইউনিয়নের ধুলগাগড়াখালী থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে এক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃতরা হলো ক্ষিদ্রমাটিয়া পশ্চিমপাড়া গ্রামের আবদুল কাদের মাস্টারের স্ত্রী রোজিনা খাতুন (৩৬) ও তার মেয়ে কানিজ ফাতেমা (৮) এবং ধুলগাগড়াখালী গ্রামের ইসলাম শেখের প্রতিবন্ধী ছেলে আবু মুছা (২৫)।

বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে ক্ষিদ্রমাটিয়া গ্রামের আবদুল কাদের মাস্টারের স্ত্রী রোজিনা খাতুন তার মেয়ে কানিজ ফাতিমাকে এদিন ভোরে শ্বাসসরোধে হত্যার পর নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আবদুল কাদেরের বসতঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। ওসি আরও জানান, দৌলতপুর ইউনিয়নের ধুলগাগড়াখালী গ্রামের ইসলাম শেখের মানসিক প্রতিবন্ধী ছেলে আবু মুছা একই দিন ভোরে বিষপানে আত্মহত্যা করে। কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত