চাঁদপুরে জেলেদের হামলায় দুই কর্মকর্তা আহত

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ০২:৩৬ এএম

চাঁদপুরের রাজরাজেশ্বর চর ও কাটাখালী চর এলাকার পদ্মা-মেঘনা নদীতে জাটকা রক্ষা অভিযানে জেলেদের হামলায় প্রশাসনের দুই কর্মকর্তা আহত হয়েছেন। এ সময় আত্মরক্ষায় পুলিশ ও কোস্টগার্ড সাত রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় জেলেদের ছোড়া ইটের আঘাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ জামান ও ফরিদগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান আহত হন। অভিযানে ৩ লাখ ৭৫ হাজার মিটার কারেন্ট জাল, এক মণ জাটকাসহ ১৭ জেলেকে আটক করা হয়। আটক জেলেদের মধ্যে ১৩ জনকে এক বছর করে বিনাশ্রম কারাদ- এবং চারজনকে অর্থদ- দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশেদুল ইসলাম। এ সময় ৬৩টি মাছ ধরা নৌকা জব্দ করে ব্যবহার অনুপযোগী করা হয় এবং জাটকা বিক্রির পাঁচটি আড়ত আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত রাজরাজেশ^র চর, গোয়ালিয়র চর, কাটাখালী চর, সাইলুরের ছাই ফ্যাক্টরি এলাকা, আনন্দবাজারসহ টিলাবাড়ী এলাকায় এ অভিযান চালানো হয়। এদিকে বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে চালানো অন্য এক অভিযানে চাঁদপুর চান্দ্রা ইউনিয়নের বাখরপুর এলাকা থেকে পাচারের সময় ২৫ মণ জাটকা জব্দ করা হয়। চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন এ অভিযান পরিচালনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত