সুবিধাবঞ্চিত শিশুদের মুখে একটু হাসি

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ০২:৩৭ এএম

নওগাঁয় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পান্তা-ইলিশ উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে শহরের জনকল্যাণ উচ্চবিদ্যালয়ে এ উৎসবের আয়োজন করে স্থানীয় কবি ও লেখকদের সংগঠন ‘নওগাঁ সাহিত্য পরিষদ’। দুপুরে জনকল্যাণ মহল্লার কবি হুমায়ুন বটমূল প্রাঙ্গণ থেকে বৈশাখী উৎসব পালনের অংশ হিসেবে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে নিয়ে পান্তা-ইলিশ পরিবেশন করা হয়। এ সময় শিশুদের একটি খেলনা ও বাঁশি উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, কবি ও গবেষক আতাউল হক সিদ্দিকী, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান কবি প্রত্যয় হামীদ, সমাজসেবী মৌসুমি সুলতানা শান্ত, সংগঠনের আহ্বায়ক আশরাফুল নয়ন, সদস্য সচিব অনিন্দ্য তুহিন, কবি অরিন্দম মাহমুদ, কবি মারিয়া আজাদ।

সুবিধাবঞ্চিত শিশুদের একজন অভিভাবক আফজাল হোসেন বলেন, পহেলা বৈশাখ বিশেষ দিন হলেও আমাদের বা সন্তানদের মুখে ইলিশ ওঠে না। বৈশাখ পরবর্তী সময়ে আনন্দ দিতে ‘নওগাঁ সাহিত্য পরিষদ’ সংগঠনটি আমাদের সন্তানদের নিয়ে পান্তা-ইলিশের আয়োজন করেছে, যা খেয়ে সন্তানরা আনন্দিত।

নওগাঁ সাহিত্য পরিষদের আহ্বায়ক আশরাফুল নয়ন বলেন, পহেলা বৈশাখ বিভিন্ন স্থানে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়ে থাকে। কিন্তু নিম্নবিত্ত বা তৃণমূল পর্যায়ের শিশুরা এসব আনন্দ থেকে বঞ্চিত হয়। তাদের একবেলা খাওয়ানোর জন্য মূলত আমাদের এ আয়োজন। সমাজে যেসব বিত্তবান আছেন তারা যেন এটা দেখে উদ্বুদ্ধ হতে পারেন।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, শহরকেন্দ্রিক যেসব অনুষ্ঠান হয়ে থাকে সেখানে সাধারণত সুবিধাবঞ্চিত শিশুরা যেতে পারে না। এসব আনন্দ থেকে বঞ্চিত হয় হতদরিদ্র পরিবারের সন্তানরা। আর সুবিধাবঞ্চিত এসব শিশুর মুখে একটু হাসি ফোটাতেই এমন ব্যতিক্রম উদ্যোগ নেওয়ায় সংগঠনের আয়োজকদের ধন্যবাদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত