নুসরাত হত্যাকাণ্ডে ব্যবহৃত বোরকা উদ্ধার

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ০৩:১৯ পিএম

ফেনীর সোনাগাজি মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বোরকা সোনাগাজি পৌর শহরের সরকারি কলেজ সংলগ্ন ডাঙ্গি খাল থেকে উদ্ধার করেছে পিবিআই তদন্ত টিম।  

শনিবার দুপুরে আলোচিত এ মামলার অন্যতম আসামি জোবায়েরকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালায় মামলার তদন্তকরি এ সংস্থা পিবিআই।

এর আগে, এ হত্যা মামলায় গ্রেপ্তার নুর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানা যায়- বোরকা পরে কিলিং মিশনে পাঁচজন হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন।

পিবিআই’র পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. শাহ আলম  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আসামিদের পরিহিত উদ্ধার হওয়া বোরকাগুলো এ হত্যা মামলার অন্যতম আলামত।”

গত ৬ এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় যায় নুসরাত জাহান রাফি। মাদ্রাসার এক ছাত্রী তার বান্ধবী নিশাতকে ছাদের উপর কেউ মারধর করেছে এমন সংবাদ দিলে তিনি ওই বিল্ডিংয়ের চার তলায় যায়। সেখানে মুখোশপরা ৪/৫ জন তাকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। তিনি অস্বীকৃতি জানালে তারা নুসরাতের গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়।

গত ১০ এপ্রিল বুধবার রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান অগ্নিদগ্ধ নুসরাত জাহান রাফি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত