৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ০৬:৫৪ পিএম

রাজবাড়ির বালিয়াকান্দিতে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শনিবার সকালে বালিয়াকান্দি থানা পুলিশ চিত্ত প্রামাণিক ওরফে চিত্ত রঞ্জন (৪৫) কে গ্রেপ্তার করেছে।

ওই স্কুল ছাত্রী (১২) জানায়, উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাইকুড়ি গ্রামের মৃত জগনাথ প্রামানিকের ছেলে চিত্ত প্রামাণিক ওরফে চিত্ত রঞ্জন (৪৫) তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিত। ১০দিন পূর্বে চিত্ত রঞ্জন তাকে বাড়ির টয়লেটের দক্ষিণ পাশে মেহগনি বাগানের মধ্যে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি কেউ যেন না জানে সেজন্য ভয়-ভীতিও প্রদর্শন করে।

ওই ছাত্রীর পিতা জানান, তালতলা সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত মেয়েকে ধর্ষণের বিষয়টি জানার পর শনিবার সকালে তিনি বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেছেন।

বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ওবায়দুল হক জানান, ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের বিষয়টি জানার পরই অভিযান চালিয়ে ধর্ষক চিত্ত প্রামাণিক ওরফে চিত্ত রঞ্জন (৪৫) কে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার জন্য রাজবাড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার আসামিকে রাজবাড়ি আদালতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত