ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা বেতন না পেয়ে পাঠদান বন্ধ করে দিয়েছেন। এদিকে পাঠদান বন্ধ থাকায় শিক্ষকদের বেতন দাবি ও পাঠদান কার্যক্রম অব্যাহত রাখার দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে বিদ্যালয় চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। বিক্ষোভ কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ে ভাঙচুরও চালায়। পরে উত্তেজিত শিক্ষার্থীদের শিক্ষকরা অনুরোধ জানালে তারা বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয় ছেড়ে চলে যায়। বিক্ষোভ চলাকালে শিক্ষকরা স্কুলের বিভিন্ন কক্ষ তালাবন্ধ করে অফিস কক্ষে অবস্থান নেন।
বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলে, ‘এক সপ্তাহ ধরে কোনো ক্লাস হচ্ছে না। এতে আমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে।’ তারা বলে, ‘আমরা ক্লাস করতে চাই কিন্তু শিক্ষকরা ক্লাস নিচ্ছেন না।’ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক বেলায়েত হোসেন বলেন, ‘প্রায় চার মাস যাবৎ বেতন পাচ্ছি না। অর্থনৈতিকভাবে ভীষণ সমস্যায় আছি। বেতন না পেলে আর শ্রেণিকক্ষে ফিরব না।’ ওই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাদের বিল নিয়ে বর্তমান (অ্যাডহক) কমিটির সভাপতি ইউএনওর কাছে যাননি। বেতন হবে বলে বিভিন্ন প্রকার ছলচাতুরী করছেন প্রধান শিক্ষক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আলীর মোবাইলে কল দেওয়া হলে তিনি ফোনটি ধরেননি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন জানান, বিদ্যালয়ে পাঠদান গত এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে এ কথা তিনি জানেন না। ইউএনও পূরবী গোলদার বলেন, ‘প্রধান শিক্ষককে তিনবার সভা করার আহ্বান জানালেও তিনি সভা করেননি। প্রধান শিক্ষকের স্বাক্ষর না পেলে আমি স্বাক্ষর দিতে পারি না।’
