৮ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১১:৩০ পিএম

ভুয়া প্রতিষ্ঠান খুলে ৮ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) পুলিশ।

শুক্রবার রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন অনিক ইসলাম মুন্না (৩৪), রফিকুজ্জামান (২৭) এবং খন্দকার আবুল হাসান সুমন (৩২)।

শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে গ্রেপ্তারদের বিষয়ে বিস্তারিত জানানো হয়। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) এস এম মোস্তাইন বলেন, ‘গ্রেপ্তারকৃতরা বিভিন্নজনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে তাদের আমেরিকা ও কানাডা নেওয়ার কথা বলে প্রতারণা করে আসছিল। অবৈধ এসব টাকা বিদেশে পাচার করার তথ্যও পেয়েছে পুলিশ।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা মানুষকে আকৃষ্ট করতে সংবাদপত্রে গ্লোবাল ইমিগ্রেশন অ্যান্ড এডুকেশন সেন্টার নামে বিজ্ঞপ্তি দিয়ে দেশের বিভিন্ন জেলায় প্রতারণার ফাঁদে পাতে। পরে টাকা হাতিয়ে নিয়ে অফিস বন্ধ করে উধাও হয়ে যায়। এভাবে দেড়শ’ জনের কাছ থেকে প্রায় ৮ কোটি টাকা হাতিয়ে নেয় তারা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত