রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে চিত্ত প্রামাণিক ওরফে চিত্তরঞ্জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার সোনাইকুড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী (১২) জানায়, উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাইকুড়ি গ্রামের মৃত জগন্নাথ প্রামাণিকের ছেলে চিত্তরঞ্জন (৪৫) তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিত। আনুমানিক ১০ দিন আগে চিত্তরঞ্জন তাকে বাড়ির টয়লেটের দক্ষিণ পাশে মেহগনি বাগানে ডেকে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি কেউ যেন না জানে সে জন্য ভয়ভীতিও দেখায়।
ওই ছাত্রীর বাবা জানান, তার ষষ্ঠ শ্রেণি পড়ুয়া মেয়েকে কুপ্রস্তাব দেওয়াসহ ধর্ষণের বিষয়টি জানার পর শনিবার সকালে তিনি বালিয়াকান্দি থানায় মামলা করেন।
বালিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক জানান, ওই স্কুলছাত্রীকে ধর্ষণের বিষয়টি জানার পরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
