মাস্টার্সে আসনসংখ্যা বৃদ্ধির দাবিতে গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষার্থীরা প্রশাসনিকসহ বিভিন্ন বিভাগের শ্রেণিকক্ষ ও ভবনে তালা লাগিয়ে দিয়েছেন। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। এতে সব প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে অধ্যক্ষ মিজানুর রহমান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলে শিক্ষার্থীরা তালা খুলে দেয়। এ সময় কলেজকেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা চললেও শিক্ষার্থীদের কোনো সমস্যা হয়নি বলে অধ্যক্ষের দাবি।
কলেজ সূত্রে জানা গেছে, অনার্সে ১৪টি বিভাগের আসনসংখ্যা রয়েছে ২ হাজার ৯৫টি ও মাস্টার্সে মাত্র ১ হাজার ১০৫টি। তাই অনার্স পাস শেষে সব শিক্ষার্থী মাস্টার্সে ভর্তি হতে পারেন না।
আন্দোলনকারী কজন শিক্ষার্থী জানান, অনার্স থেকে মাস্টার্সের আসনসংখ্যা অনেক কম। ফলে এ কলেজ থেকে অনার্স পাস করে অনেক শিক্ষার্থী আসনসংকটের অভাবে মাস্টার্সে ভর্তি হতে পারেন না। তাদেরকে অন্য কলেজে ভর্তি হতে হয়। অথবা এক বছর পরে মাস্টার্সে ভর্তি হতে হয়। এতে করে পিছিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। এ ব্যাপারে দীর্ঘদিন থেকে কলেজ প্রশাসন আশ্বাস দিয়ে এলেও আসনসংখ্যা বৃদ্ধি না করায় শিক্ষার্থীরা ওই কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হন।
এ ব্যাপারে গতকাল বিকেলে কলেজটির অধ্যক্ষ মিজানুর রহমান দেশ রূপান্তরকে বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। অনার্সে যে পরিমাণ আসন রয়েছে ঠিক সেই পরিমাণ মাস্টার্সের আসন নেই। আসনসংখ্যা বৃদ্ধির জন্য এর আগেও অনেকবার কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আসন বাড়ানোর বিষয়টি চিঠি দিয়ে আবার তাদেরকে জানানো হবে।
