ফোন নম্বর ক্লোন করে প্রতারণা

লালমনিরহাটে গ্রেপ্তার ৩

আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১২:০২ এএম

কখনো ওসি, কখনো ডিসি আবার কখনো এসপি পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে মোটা অঙ্কের টাকা আদায়কারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ চক্রটি ওই সব কর্মকর্তার সরকারি ফোন নম্বর ক্লোন করে প্রতারণা করত বলে জানা গেছে। তিন দিনের টানা অভিযান শেষে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গতকাল শনিবার সকালে লালমনিরহাট থেকে ওই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলো লালমনিরহাট সদর উপজেলার সাপটানা মদনের চক গ্রামের শিপুল ইসলাম (২৫), ইটাপোতা গ্রামের আশরাফুল আলম আশিক (২৪) ও আদিতমারী উপজেলার বড় কমলাবাড়ি গ্রামের শামীম আলী (৩৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোয়ালন্দ ঘাট থানার ওসির সরকারি ফোন নম্বর ক্লোন করে উপজেলা পরিষদ নির্বাচনে একাধিক প্রার্থী ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে এবং বিভিন্ন প্রলোভনে ফেলে কয়েক লাখ টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয় একটি চক্র। এ বিষয়ে একাধিক অভিযোগ করা হয় গোয়ালন্দ ঘাট থানায়। ওই চক্রকে পাকড়াও করতে মাঠে নামে পুলিশ। তদন্তের শুরুতে টাকা আদায় করা বিকাশ অ্যাকাউন্টগুলো বিকাশ হেড অফিসে আবেদন করে ফ্রিজ করা হয়। এরপর মোবাইল ট্র্যাকিং, সংশ্লিষ্ট অ্যাকাউন্ট খোলা বিকাশ এজেন্ট ও জাতীয় পরিচয়পত্রধারীদের অনুসন্ধান করে অবস্থান নিশ্চিত হয় গোয়ালন্দ পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, প্রতারক চক্রটি ফোন নম্বর ক্লোন করে ওসি, ইউএনও, এডিসি, ডিসি, এসপি সেজে ফোন করে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে অর্থ আদায় করছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত