শ্রীলঙ্কায় অষ্টম বিস্ফোরণ, কারফিউ জারি

আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ০৪:০৯ পিএম

শ্রীলঙ্কায় কিছুক্ষণ আগে অষ্টমবারের মতো বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির পুলিশের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, রাজধানীর উত্তরাংশে ওরুগোদাওয়া এলাকায় নতুন হামলাটি করা হয়। এরপর কারফিউ জারি করা হয়েছে।

রোববার দিনের শুরুতে শ্রীলঙ্কায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের প্রার্থনা চলাকালে তিনটি গির্জা এবং তিনটি হোটেলে মোট ছয়টি বিস্ফোরণ ঘটে। পরে হয় আরও দুটি।

এখন পর্যন্ত ৩৫ জন বিদেশিসহ ১৮৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কয়েকশ।

নিহতদের মধ্যে কোনো বাংলাদেশির নাম এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে এক শিশুসহ দুই বাংলাদেশির খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তাৎক্ষণিকভাবে ওই দুজনের নাম পরিচয় প্রকাশ না করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা তাদের অবস্থা জানার চেষ্টা করছি। যত তাড়াতাড়ি সম্ভব খোঁজ করে তাদের পরিবারকে জানানো হবে।’

শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, কারফিউ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা থেকে। চলবে সকাল ছয়টা পর্যন্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত