হয় বউ, না হয় লাশ হয়ে প্রেমিকের বাড়ির কবরে যাবেন-এমন কথা বলে গোপালগঞ্জের কোটালিপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে এক কলেজ ছাত্রী।
জানা গেছে, কোটালিপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের নারিকেলবাড়ী গ্রামের নুরুল হক খন্দকারের ছেলে সেনা সদস্য মিরাজ খন্দকারের সাথে মাদারীপুর জেলার সরকারি নাজিমউদ্দিন কলেজের অনার্স তৃতীয় বর্ষের এক ছাত্রীর সাথে গত ৩ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল।
গত বৃহস্পতিবার মিরাজ খন্দকার ওই ছাত্রীকে ফোন দিয়ে তার বিয়ের কথা জানায়। ওই দিনই ওই কলেজ ছাত্রী মিরাজ খন্দকারের বাড়িতে এসে বিয়ের দাবিতে অবস্থান নেয়। সাথে সাথে মিরাজ বাড়ি থেকে পালিয়ে যায়। ভন্ডুল হয়ে যায় মিরাজের বিয়ে।
মিরাজ খন্দকারের বাড়ি অবস্থানকারী ওই ছাত্রী জানান, মিরাজের বাড়ির পাশেই আমার মামা ও খালা বাড়ি। এখানে আসা যাওয়ার সুবাদে মিরাজের সাথে আমার প্রেমের সম্পর্ক হয়। সে বর্তমানে রাঙ্গামাটি ক্যান্টনমেন্টে কর্মরত আছে। ছুটিতে এসে বিভিন্ন সময়ে মিরাজ আমাকে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক চালিয়েছে। মিরাজ যদি এখন আমাকে বিয়ে না করে তা হলে এই বাড়িতেই আমি আত্মহত্যা করবো।
এ বিষয়ে মিরাজের বাবা নুরুল হকের কাছে জানতে চাওয়া হলে তিনি কোন প্রকার মন্তব্য করতে রাজি হননি।
রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমৃত লাল হালদার বলেন, শনিবার গভীর রাত পর্যন্ত ছেলে এবং মেয়ে পক্ষ মিলে বিষয়টি নিয়ে সামাজিকভাবে বসেছিল। শুনেছি উভয় পক্ষই ছেলে-মেয়ের বিয়ে দিতে একমত হয়েছে।
