সাভারে তৈরী পোশাক কারখানায় কর্মরত এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত মফিজুল হোসেন পলাতক রয়েছে।
নিহতের নাম আক্তারা বেগম (২৮)। সে দিনাজপুর জেলার পার্বতীপুর থানার হাতিপাড়া গ্রামের মফিজুল হোসেনের স্ত্রী।
পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
রবিবার সন্ধ্যায় সাভার পৌর এলাকার ছায়াবীথি মহল্লার পরিত্যক্ত খোলা মাঠ থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।
নিহত ওই নারী সাভারের চাপাইন লালটেক এলাকায় স্বামীর সাথে ভাড়া থেকে রেডিওকলোনী এলাকার এরিস্টোকার্ড ফ্যাশন লিমিটেড কারখানায় পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতো বলে জানিয়েছে পুলিশ।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হক জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পেটসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী মফিজুল তাকে হত্যা করে পালিয়েছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। খুব শীঘ্রই পলাতক স্বামী মফিজুলকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
