জাহালমের মতো ভুল আসামি হিসেবে তিন বছর ধরে কারাগারে থাকা নির্দোষ মো. আরমানকে আদালতে হাজির করার নির্দেশনা ও তার কারামুক্তি চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
প্রকৃত আসামির জায়গায় ভুল আসামি হিসেবে নির্দোষ হয়েও ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তিন বছর ধরে কারাগারে রয়েছেন রাজধানীর পল্লবীর বেনারসি কারিগর মো. আরমান।
গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন সংযুক্ত করে রোববার ‘ল অ্যান্ড লাইফ’ ফাউন্ডেশনের পক্ষে আইনজীবী হুমায়ুন কবির পল্লব হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন।
বিষয়টি নিশ্চিত করে রিটকারী আইনজীবী গণমাধ্যমকে জানান, নির্দোষ আরমানের কারাবাস কেন অবৈধ হবে না- এ মর্মে রুলে আরজি জানানো হয়েছে। ওই দিন আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হলে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।
গত ১৮ এপ্রিল একটি জাতীয় দৈনিকে আরমানকে নিয়ে ‘কারাগারে আরেক জাহালম’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন থেকে জানা যায়, পল্লবীর বেনারসি কারিগর মো. আরমান নির্দোষ হয়েও ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গত তিন বছর ধরে কারাভোগ করছেন।
রাজধানীর পল্লবী থানার একটি মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মাদক কারবারি শাহাবুদ্দিন বিহারি এ মামলার প্রকৃত আসামি। শুধু পিতার নামে মিল থাকায় পুলিশ আরমানকে গ্রেপ্তার করে শাহাবুদ্দিন নামে আদালতে সোপর্দ করেছে বলে অভিযোগ আরমানের পরিবারের। অন্যদিকে প্রকৃত আসামি শাহাবুদ্দিন সাজা খাটার বদলে বাইরে এখনো মাদক কারবার চালিয়ে যাচ্ছেন।
প্রসঙ্গত, সোনালি ব্যাংকের সাড়ে ১৮ কোটি টাকা ঋণ জালিয়াতির মামলায় নির্দোষ টাঙ্গাইলের পাটকল শ্রমিক জাহালমকে গ্রেপ্তার করে দুদক। প্রায় তিন বছর ধরে কারাগারে থাকার পর হাইকোর্টের আদেশে কারামুক্তি পান তিনি।
