নুসরাতসহ সকল হত্যা ধর্ষণের বিচার দাবি

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১১:০০ পিএম

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিসহ সকল হত্যা ও ধর্ষণের বিচার দাবিতে গতকাল বিভিন্ন জেলা ও উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। কর্মসূচিতে সমাজের সর্বস্তরের নারীদের প্রতি সহিংসতা বন্ধের দাবি জানানো হয়। প্রতিনিধিদের পাঠানো খবর :

গাজীপুর : ধর্ষণমুক্ত নিরাপদ দেশ চাই, মা-বোনদের নিরাপত্তা চাই স্লোগানে নারীর প্রতি সহিংসতা রোধসহ ফেনীর নুসরাত জাহান রাফি, মুন্সিগঞ্জের সেতু মণ্ডল, গাজীপুরের মনিকা গমেজের হত্যাকারীদের দ্রুত বিচার এবং সকল সহিংসতার প্রতিবাদে সকালে গাজীপুর শহরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ গাজীপুর জেলা শাখার সভাপতি সুদীপ চক্রবর্ত্তী।

বরিশাল : বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক মুখার্জী কুডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর সভাপতি নারায়ণ চন্দ্র নারু প্রমুখ। বক্তরা নারীর নিরাপত্তা জোরদারের দাবি জানান।

নড়াইল : সকাল ১০টায় নড়াইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন চলাকালে দোষীদের ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নড়াইল জেলা শাখার সভাপতি অশোক কুমার কণ্ডু, সহসভাপতি সঞ্জীব কুমার বসু প্রমুখ। 

সিরাজগঞ্জ : সকালে শ্রীশ্রীমহাপ্রভুর আখড়ার সামনে সুকান্ত কানুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সঞ্জয় সাহা প্রাণগোবিন্দ চৌধুরী প্রমুখ। একই দাবিতে শাহজাদপুর উপজেলার মনিরামপুর কালীমন্দিরের সামনে মানববন্ধন করা হয়।

ভোলা : বেলা ১১টায় শহরের কে-জান মার্কেট চত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দুলালচন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে-সহ সংগঠনের অন্য নেতারা।

ফেনী : বেলা ১১টায় শহীদ মিনারে জেলা পূজা উদ্যাপন পরিষদের জেলা কমিটির সভাপতি রাজীব খগেশ দত্তের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি হীরালাল চক্রবর্তী। একই দিন সকালে দাগনভূঞায় প্রতিবাদসভা ও মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি। উপজেলা সদরের জিরো পয়েন্টে মানববন্ধনে নিতাই দাসের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিজন নাথ প্রমুখ। সোনাগাজী জিরো পয়েন্টে জগদীশ চন্দ্র শীলের সভাপতিত্বে ও ছাত্র যুব ঐক্য পরিষদ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎ মহাজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের ফেনী জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুজিত মজুমদার প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত