কক্সবাজারে র্যাব ও বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গাসহ তিনজন মারা গেছে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আহত হয়েছে একজন। প্রতিনিধিদের পাঠানো খবর :
কক্সবাজার : গত রবিবার ও গতকাল সোমবার কথিত ওই বন্দুকযুদ্ধ হয়। রবিবার নিহত মহিউদ্দিন (৩৫) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার কম্বানিয়া গ্রামের বাসিন্দা। গতকাল নিহতরা হলো কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ১৯নং ক্যাম্পের-১-ব্লকের মো. ফারুক হোসেন (২৩) ও সাইফুল ইসলাম (২৮)। বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, গতকাল ভোররাতে টেকনাফ উপজেলার হোয়াক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকায় পালংখালী ব্রিজের পাশে তাদের টহল দল দেখে মাদক কারবারিরা গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় এবং ২০ হাজার ইয়াবা ও দুটি ধারালো অস্ত্র পাওয়া যায়। গুলিবিদ্ধ দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে বিজিবি জানতে পারে নিহত দুজনই চিহ্নিত মাদক কারবারি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন সীমান্ত দিয়ে মাদক পাচারে জড়িত ছিল। কক্সবাজার র্যাব-১৫-এর উপঅধিনায়ক মেজর মোহাম্মদ রবিউল ইসলাম জানান, রবিবার ভোররাতে মেরিন ড্রাইভ সড়কের জব্বার মুন্সির হ্যাচারির পাশে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মহিউদ্দিন নামে এক চিহ্নিত মাদক কারবারি মারা যায়। ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা ও একটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
লালমনিরহাট : গুলিবিদ্ধ রফিকুল ইসলাম রফিক (৩২) কালীগঞ্জের চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি গ্রামের হাবিবুর রহমান হাবুর ছেলে। কালীগঞ্জ থানার ওসি আরজু মোহাম্মদ সাজ্জাদ দেশ রূপান্তরকে জানান, রফিককে রবিবার সকালে উপজেলার কাকিনা সিরাজুল মার্কেট এলাকা থেকে ১০০ ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে উত্তর গোপালরায় বিধুয়া মাল্লি এলাকায় আরও মাদক উদ্ধারে গেলে রফিকের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ গুলি চালালে রফিক দুপায়ে গুলিবিদ্ধ হয়। মাদক কারবারিদের হামলায় কালীগঞ্জ থানার এএসআই সাইদুল ইসলাম ও কনস্টেবল মোশারফ আহত হন। রফিকের নামে কালীগঞ্জ, হাতীবান্ধা ও রংপুরের গঙ্গাচড়া থানায় ১০টি মাদক মামলা রয়েছে।
