শবেবরাতের রাতে মসজিদ থেকে ডেকে নিয়ে স্কুলছাত্রকে খুন

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ০৩:৫৫ এএম

শবেবরাতে মসজিদ থেকে ডেকে নিয়ে এক স্কুলছাত্রকে হত্যার অভিযোগ করেছে পরিবার। নিহত মোমতাহিন হাসান মিরন কুমিল্লা মডার্ন হাই স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত। পরিবার ও পুলিশ বলছে, এক অনুষ্ঠানে বাগ্বিতণ্ডার জেরে বন্ধু হিসেবে পরিচিত কিশোররা মোমতাহিনকে ছুরিকাঘাত করে। রবিবার রাত ৯টার দিকে কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া আলিফ টাওয়ার গলি মদিনা মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় প্রথমে সদর হাসপাতাল ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোমতাহিন সিঙ্গাপুরপ্রবাসী আবুল কালাম আজাদ ও গৃহিণী নুসরাত জাহান বিঞ্জুর ছেলে। তাদের বাড়ি নগরীর ঝাউতলায়। নিহতের বড় ভাই মোসাব্বির হাসান নয়ন দেশ রূপান্তকে জানান, শেখ ফজিলাতুন্নেছা মডার্ন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র নগরীর ঠাকুরপাড়া খান বস্তির পল্টু, আবির ও আল আমিনের সঙ্গে কিছুদিন আগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে মোমতাহিনের বাগ্বিতণ্ডা হয়। এ নিয়ে পল্টু ও আবির বেশ কয়েকবার তাকে দেখে নেওয়ার হুমকি দেয়। রবিবার রাতে ঠাকুরপাড়া মদিনা মসজিদে শবেবরাতের নামাজ পড়তে গেলে মোমতাহিনকে মসজিদ থেকে ডেকে নেয় আবির ও পল্টু। পরে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

মোমতাহিনের মা নুসরাত জাহান জানান, রাত ৮টার দিকে নামাজ পড়ার কথা বলে ঘর থেকে বেরিয়ে যায় ছেলে। রাত ১০টায় খবর পান সে মারা গেছে। তিনি বলেন, ‘পল্টু ও আবিরের সঙ্গে দ্বন্দ্বের বলি হয়েছে আমার ছেলে।’

কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাহ উদ্দিন দেশ রূপান্তরকে জানান, এ ঘটনায় নিহতের চাচা কামরুল ইসলাম দুজনের নাম উল্লেখ করে ও আট জনকে অজ্ঞাত আসামি করে অভিযোগ দিয়েছেন। তিনি জানান, আলাদা স্কুলে পড়লেও নিহত মোমতাহিন ও হত্যাকারীরা এক সঙ্গে চলত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত