লাইন ঠিক করে শরবত খাবেন ওয়াসা প্রকৌশলী

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ০২:৪৯ পিএম

“আজকে শবরত খাব না, লাইন ঠিক করে শরবত খাব। দ্রুতই জুরাইন এলাকার পাইপ লাইন ঠিক করা হবে।” মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজারে ওয়াসা ভবনে এক সংবাদ সম্মেলনে এমনটাই বললেন ওয়াসার প্রকৌশলী ও কে এম সহিদ উদ্দিন।

তিনি জানান, পাইপ লাইনের ত্রুটির কারণে ওয়াসার পানি দূষিত হয়ে থাকতে পারে, তবে ওয়াসার পানি সুপেয়।

গত ১৭ এপ্রিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পক্ষ থেকে ‘ঢাকা ওয়াসা: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে ওয়াসায় অনিয়ম ও দুর্নীতির বিষয়টি উল্লেখ করে টিআইবি।

এ প্রতিবেদনের প্রতিবাদে ২০ এপ্রিল এক সংবাদ সম্মেলন করেন ওয়াসার এমডি তাকসিম এ খান। তিনি দাবি করেন, “ওয়াসার পানি শতভাগ সুপেয়, বিশুদ্ধ। একে ফুটিয়ে খাওয়ার প্রয়োজন হয় না।”

সেই ‘সুপেয়’ পানিতে তৈরি শরবত এমডিকে পান করাতে ওয়াসা ভবনে অবস্থান নেন বিক্ষুব্ধ নগরবাসী।

মঙ্গলবার বেলা ১১টা থেকে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের উল্টো দিকের বিএফডিসি ভবনের নিচে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন রাজধানীর কয়েকটি এলাকার বাসিন্দা। সঙ্গে করে তারা নিয়ে এসেছেন ওয়াসার ‘সুপেয়’ পানিতে তৈরি শরবত।

ওয়াসার এমডিকে শরবত পান করানোর এ কর্মসূচির ডাক দিয়েছিলেন রাজধানীর জুরাইন এলাকার বাসিন্দা মিজানুর রহমান। তার ডাকে বেশ কিছু এলাকা থেকে লোকজন ওয়াসা ভবনে জড়ো হন।

কর্মসূচি পালন করতে আসা এক ব্যক্তি বলেন, “ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এ কর্মসূচির কথা ছড়িয়ে পড়ার কারণেই তারা কেউ অফিসে আসছেন না।”

তবে ওয়াসার এমডিকে শরবত খাওয়াতে আসা রাজধানীবাসী জানান, তারা বিকেল ৪টা পর্যন্ত এমডি’র জন্য অপেক্ষা করবেন।”

মিজানুর রহমান অভিযোগ করেন, “আমার এলাকায় ওয়াসার লাইন দিয়ে নর্দমার পানি আসে। দুর্গন্ধযুক্ত সেই পানি পান করা যায় না। অথচ ওয়াসার এমডি বলেন, শতভাগ বিশুদ্ধ। তাই উনার বিশুদ্ধ পানি দিয়ে উনাকে শরবত খাওয়াতে চাই।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত