বখাটের নির্যাতন সইতে না পেরে স্কুলছাত্রীর আত্মহত্যা

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ০৬:৩৪ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে অন্তরা সাহা (১৪) নামে সপ্তম শ্রেণির ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার রাতে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের সাঞ্চেরপাড় গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ মঙ্গলবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

সরিষাবাড়ী পৌর এলাকার সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী অন্তরা ওই গ্রামের ব্যবসায়ী নারায়ণ চন্দ্র সাহার মেয়ে।

ওই ছাত্রীর বাবা নারায়ণ চন্দ্র সাহা জানান, সরিষাবাড়ী পৌরসভার মুলবাড়ি এলাকার মতি তালুকদারের ছেলে তানিন তালুকদার অন্তরাকে পঞ্চম শ্রেণি থেকে উত্ত্যক্ত করে আসছে। তানিনের বাবা-মাকে অনেকবার বিষয়টি জানানো হলেও তারা তাদের ছেলেকে শাসন করেনি।

তিনি জানান, শুক্রবার অন্তরা বাড়ি থেকে কোচিং যাওয়ার পথে তানিন জোর করে অন্তরার মুখ চেপে ধরে সেলফি তুলে ফেসবুকে ছেড়ে দেয়। ওই ছবি ফেসবুকে তার বন্ধুদের কাছেও ছড়িয়ে দেওয়া হয়। এ ব্যাপারে তানিনের বাবা-মাকে বিষয়টি জানালে তারা গুরুত্ব দেয়নি। ফেসবুকে ছবি দেওয়ার পর থেকেই অন্তরা মানসিকভাবে ভেঙে পড়ছিল। অন্তরা সোমবার সন্ধ্যার দিকে সরিষাবাড়ী আরামনগর বাজারের একটি কোচিং সেন্টার থেকে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে বাড়ি ফেরে। রাত ৮টার দিকে তার মা নমিতা রাণী সাহা মেয়েকে না পেয়ে ঘরে মেয়ের ঘরে খুঁজতে যান। কিন্তু ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে মেয়েকে ডাকাডাকি শুরু করেন।

‘কিন্তু কোনো সাড়া না পেয়ে বাড়ির লোকজন দরজা ভেঙে ভেতরে ঢুকেই ঝুলন্ত অন্তরাকে দেখতে পায়’।

পরে স্বজনরা তাকে দ্রুত সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাহেদুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

সরিষাবাড়ী থানার পুলিশ এ খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম সুরতহাল প্রতিবেদন লেখার পর অন্তরার মরদেহ থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে মরদেহ জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, নিহতের পরিবারের অভিযোগ পেলে তিনি নিয়মিত মামলা হিসেবে গ্রহণসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত