সড়ক পরিবহন আইনের গেজেট চেয়ে রিট

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ০৮:৩৩ পিএম

‘সড়ক পরিবহন আইন-২০১৮’ কার্যকর করতে ওই আইনের গেজেট প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

মঙ্গলবার হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে আইনজীবী সরওয়ার আহাদ চৌধুরী, একলাছ উদ্দিন ভূঁইয়া ও রিপন বাড়ৈ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন।

রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির কার্যালয় সচিবালয়ের সচিব, প্রধানমন্ত্রীর সচিবালয়ের সচিব, জনপ্রশাসন সচিব, লেজিসলেটিভ বিভাগের সচিব, সংসদ বিষয়ক সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবং স্বরাষ্ট্রসচিবকে বিবাদী করা হয়েছে।

সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, কার্যতালিকায় আসলে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চে আবেদনের ওপর শুনানি হতে পারে।

রিট আবেদনে, ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ কার্যকর করতে গেজেট প্রকাশে বিবাদীদের নিষ্ক্রিয়তা, ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এই আইন কার্যকর করতে গেজেট প্রকাশে কেন নির্দেশ দেয়া হবে না- এ মর্মে রুল চাওয়া হয়েছে।

আইনটি কার্যকর করতে এর আগে গত ১০ এপ্রিল সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠায় এইচআরপিবি। এতে সাত দিনের সময় দেয়া হয়। এর ব্যত্যয় হলে উচ্চ আদালতে মামলা করা হবে বলে নোটিশে জানানো হয়।

উল্লেখ্য, গত বছরের ২৯ জুলাই রাজধানীর কুড়িল এলাকায় জাবালে নূরের বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার পর কঠোর আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এরপর অনেকটা তড়িঘড়ি করে জাতীয় সংসদে সড়ক পরিবহন আইন পাশ করে সরকার। কিন্তু এটি গেজেট আকারে প্রকাশ না হওয়ায় তা কার্যকর করা যাচ্ছে না।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত