দুই যুবলীগ নেতা হত্যা মামলা

সাবেক এমপি রানার জামিন স্থগিতাদেশ বহাল

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ১০:১৮ পিএম

টাঙ্গাইলে যুবলীগের দুই নেতা হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে হাইকোর্টের দেয়া জামিন আদেশের ওপর স্থগিতাদেশ চলমান রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এ আদেশ দেয়। সর্বোচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রানার পক্ষে ছিলেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও মনসুরুল হক চৌধুরী।

এর আগে গত ৬ মার্চ এ হত্যা মামলায় হাইকোর্ট এক আদেশে রানাকে ছয় মাসের জামিন দিয়েছিল। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতের বিচারপতি মো. নুরুজ্জামান গত ১৪ মার্চ এক আদেশে রানার জামিন স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। এরই ধারাবাহিকতায় গতকাল আপিল বিভাগে এ আদেশ হলো।

টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়ন যুবলীগের নেতা শামীম ও মামুন ২০১২ সালের ১৬ জুলাই নিখোঁজ হন। ঘটনার পর দিন শামীমের মা আছিয়া খাতুন এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে ২০১৩ সালের ৯ জুলাই নিখোঁজ মামুনের বাবা টাঙ্গাইল আদালতে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেপ্তার একাধিক আসামি তাদের জবানিতে জানান আমানুর রহমান খান রানার নির্দেশে ওই দুইজনকে হত্যা করা হয়েছে। পরে এ মামলায় রানাকেও অন্তর্ভুক্ত করা হয়।

এদিকে টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় রানাকে হাইকোর্টের দেয়া জামিন গত ১ এপ্রিল আপিল বিভাগে বহাল থাকে। তবে দুই যুবলীগ নেতা হত্যা মামলায় রানার জামিন স্থগিত করায় তার কারামুক্তি মিলছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত