ইয়াবাসহ গ্রেপ্তার ২, মাইক্রোবাস জব্দ

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ১১:৪৪ পিএম

নগরীর বন্দর থানার এলাকায় ৫৮৯৫ পিস ইয়াবা এবং ১ টি মাইক্রোবাসসহ  দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

২৪ এপ্রিল বুধবার ভোরে বন্দরের নিমতলা বিশ্বরোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হল- মো. হাবিজুল মিয়া (৩০) ও মো. মাসুদ রানা (৩৫)।

এ বিষয়ে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান দেশ রূপান্তরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে ঢাকাগামী একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে গাড়িতে লুকিয়ে রাখা ৫৮৯৫ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গোপন সংবাদ থাকায় মাইক্রোবাসটিকে চেকপোস্টে থামার সংকেত দিলে মাদক ব্যবসায়ীরা গাড়িটিকে রাস্তার পাশে থামিয়ে সুকৌশলে পালানোর চেষ্টা করেন। র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাদের গ্রেপ্তার করে। মাদক বহনে জড়িত মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রামের বিভিন্ন জায়গা হতে এসব ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করত।

গ্রেপ্তার হাবিজুল মিয়া টাঙ্গাইলের বাশাইল থানার মৈথা গ্রামের নয়ন সিকদারের ছেলে, মাসুদ রানা একই জেলার কালিহাতী থানার চরপাড়া গ্রামের আবদুল আজিজের ছেলে বলে জানায় র‌্যাব। 

পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের এবং গাড়িটি বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত