ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে চিকিৎসা দেওয়ার নামে অচেতন করে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পল্লী চিকিৎসক সাইফুলের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলার সেজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সামছুল আলম মৃধাসহ শিক্ষকরা বক্তব্য দেন। বক্তারা সাইফুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গত শনিবার ওই ছাত্রীকে সেজিয়া বাজারের নাজ ফার্মেসিতে চিকিৎসার জন্য নিয়ে যান তার বাবা। সেখানে স্কুলছাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে পরদিন সকালে আবার আসতে বলে। রবিবার সকালে সাইফুলের কথামতো চিকিৎসার জন্য মেয়েকে ফার্মেসিতে পাঠিয়ে দেন তার বাবা। মেয়েটি সেখানে গেলে সাইফুল তার শরীরে একটি ইনজেকশন পুশ করে ও একটি ট্যাবলেট খাইয়ে দেয়। এরপর মেয়েটি অচেতন হয়ে পড়লে সাইফুল তাকে ধর্ষণ করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সাইফুলকে গ্রেপ্তার করেছে।
