রাজধানীর ওয়াসা ভবনে এমডির জন্য শরবত বানানোর কর্মসূচি পালন করে আলোচনায় আসা মিজানুর রহমানকে বাসায় গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার রাজধানীর জুরাইন এলাকার বাসায় গিয়ে মিজানুরকে ওয়াসার কর্মকর্তারা হুমকি দেন বলে তিনি জানান।
বুধবার তিনি ফেসবুকে হুমকির বিষয়টি অবহিত করেন।
এরপর মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, 'দুপুরে কয়েকজন লোক আমার বাসায় প্রবেশ করে কোনো অনুমতি ছাড়াই। পরে আমি তাদের সঙ্গে ফোনে কথাবার্তা বললে তারা আমার ওপর চড়াও হয়। এরপর আমি ফোন কেটে দিয়ে তাড়াতাড়ি বাসায় যাই'।
হুমকির বিষয়ে মিজানুর বলেন, 'তারা আমাকে মামলা-হামলার হুমকি দিয়েছে। আমার সঙ্গে খারাপ আচারণ করেছে। তারা দেখে নেয়ারও হুমকি দিয়েছে।'
'ওরা পাঁচ/ছয়জন আসে আমার বাসায়, তারা সবাই ওয়াসার লোকজন, আমি তাদের সবাইকে চিনি।'
এর আগে ঢাকা ওয়াসার পানি 'শতভাগ বিশুদ্ধ' দাবি করেছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। সেই বক্তব্যের প্রতিবাদে জুরাইন এলাকার পানি দিয়ে শরবত পান করাতে মঙ্গলবার ওয়াসা ভবনের সামনে হাজির হয়েছিলেন মিজানুর রহমান।
