ভুলতায় দগ্ধ আরও একজনের ঢামেকে মৃত্যু

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ০১:৫৩ এএম

নারায়ণগঞ্জের ভুলতা গাউছিয়ায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরিফুল ইসলাম (৩০) নামে আরও একজন মারা গেছেন। এই নিয়ে মৃতের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে। আরিফের শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডাক্তার পার্থ শংকর পাল জানান, আরিফ গতকাল বুধবার চিকিৎসাধীন অবস্থায় ঢামেক বার্ন ইউনিটের আইসিইউতে মারা যান।

আরিফুলের চাচাত ভাই মো. লাভলু জানান, তাদের বাড়ি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায়।

এর আগে সোমবার ভোররাত পৌনে ৩টার দিকে গ্যাস বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান শামীম ও রাকিব। ওইদিন বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তরিকুল ইসলাম। বর্তমানে লিয়াকত ও হযরত আলী চিকিৎসাধীন আছেন।

ওই ছয়জন গাউছিয়ার একটি দোতলা ভবনের নিচতলায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতন। নেক্সট এক্সেসরিজ লিমিটেড নামে একটি কারখানায় চাকরি করতেন তারা। ভোরে বিকট শব্দে বিস্ফোরণে ভবনের ছাদসহ নিচতলার একাংশ ভেঙে পড়ে। এতে ওই ছয়জন আহত হলে পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত