শিক্ষানবিস সার্জেন্টদের ডিএমপি কমিশনার

আইন ভাঙলে ব্যবস্থা নেবেন, দুর্ব্যবহার করবেন না

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ০১:৫৪ এএম

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া শিক্ষানবিস ট্রাফিক সার্জেন্টদের নির্দেশনা দিয়ে বলেছেন, কেউ ট্রাফিক আইন ভঙ্গ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। কিন্তু কোনো অবস্থায় গালমন্দ, খারাপ আচরণ ও দুর্ব্যবহার করবেন না।

গতকাল রাজারবাগ শহীদ শিরু মিয়া মিলনায়তনে সদ্য যোগদানকৃত শিক্ষানবিস ট্রাফিক সার্জেন্টদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা আইন প্রয়োগে কঠোর ও ব্যবহারে বিনয়ী হবেন। সব সময় মনে রাখতে হবে, আপনি আমি জনগণের সেবক।  ডিএমপি কমিশনার এ সময় আক্ষেপ করে বলেন, বিশ্বে মনে হয় বাংলাদেশই একমাত্র দেশ; যেখানে ট্রাফিক নিয়ন্ত্রণ হয় হাতের ইশারায়। তাই এখানে যানজট নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। ডিএমপির সুনাম ও ভাবমূর্তি বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনের ঊর্ধ্বে কেউ না। দায়িত্ব পালনের সময় বডিওর্ন ক্যামেরা সচল রাখুন। দায়িত্ব পালনে কেউ আপনার ওপর চড়াও হলে আপনি শান্ত থেকে দায়িত্ব পালন করুন এবং ঘটনাটি বডিওর্ন ক্যামেরা দ্বারা রেকর্ড করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত