গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আইজিপির

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ০২:১২ এএম

মে দিবস, বুদ্ধপূর্ণিমা, রমজান ও ঈদ সামনে রেখে দেশের সব গুরুত্বপূর্ণ স্থাপনাসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। গতকাল বুধবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের পুলিশ ইউনিটপ্রধানদের এই নির্দেশ দেন তিনি।

ভিডিও কনফারেন্সে অংশ নেওয়া এক কর্মকর্তা দেশ রূপান্তরকে জানান, শ্রীলঙ্কায় ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে মূলত এ নির্দেশনা দিয়েছেন পুলিশপ্রধান। তিনি জানান, প্রায় সপ্তাহখানেক রাষ্ট্রীয় কাজে চীন ছিলেন আইজিপি। গত মঙ্গলবার রাতে দেশে ফেরেন। গতকাল তিনি পুলিশ সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। এরপর সন্ধ্যায় ভিডিও কনফারেন্সে বিভিন্ন ইউনিটপ্রধানদের সঙ্গে কথা বলেন। আইজিপি যেকোনো ধরনের সহিংসতা ও সন্ত্রাসী কর্মকা- রোধে গোয়েন্দা নজরদারি বাড়াতে বলেছেন। জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জঙ্গিবিরোধী অভিযান জোরদারসহ সম্ভাব্য সব ধরনের ব্যবস্থাও নিতে বলেন তিনি। পুলিশ সদর দপ্তরে এআইজি (মিডিয়া) সোহেল রানা দেশ রূপান্তরকে বলেন, জনগণকে সঙ্গে নিয়ে অতীতে যেভাবে জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবিলা করা হয়েছে ঠিক একইভাবে কাজ করতে বলেছেন আইজিপি। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখতে বলেছেন। ভিডিও কনফারেন্সে ট্রাফিক ব্যবস্থাপনার মান বৃদ্ধি এবং সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন আইজিপি। এছাড়া নারী ও শিশুর প্রতি যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত