পটুয়াখালীর কলাপাড়ায় ধর্ষণের শিকার হয়েছেন এক নববধূ। বুধবার রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। আহত ওই নববধূকে রাত সাড়ে ১১টায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী সুজন হাওলাদার বাদী হয়ে বেতমোর এলাকার দেলোয়ারের ছেলে রাসেল, রুস্তুম ফকিরের ছেলে রফিক, এছাহাক হাওলাদারের ছেলে খালেক এবং মন্নান গাজীর ছেলে জাফরসহ চারজনের নাম উল্লেখ করে কলাপাড়া থানায় মামলা দায়ের করেছেন।
মামলার বাদী ও গৃহবধূর স্বামী জানান, বুধবার উপজেলার চাকামাইয়া ইউনিয়নে খালু শ্বশুর বশার খানের বাড়িতে নববধূকে নিয়ে বেড়াতে আসেন তিনি। এদিন সন্ধ্যায় স্থানীয় বখাটে রাসেল, রফিক, খালেক এবং জাফর ওই বাড়িতে জোর করে প্রবেশ করে ওই দম্পতির বিয়ে হয়নি এমন দাবি করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
মারধরসহ পুলিশের হাতে তুলে দেয়ার ভয়ভীতি দেখায়। এক পর্যায়ে নববধূর সঙ্গে কথা বলার অজুহাতে তার মুখ চেপে ধরে ঘরের পাশে মাঠের মধ্যে নিয়ে রফিক নামের বখাটে তাকে ধর্ষণ করেন।
এক পর্যায়ে নববধূ ও পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ধর্ষকসহ বখাটেরা পালিয়ে যায়।
ওই নববধূ কান্না বিজড়িত কণ্ঠে বলেন, ওদের হাত-পা ধরে আকুতি মিনতি করলেও আমাকে ছাড়েনি।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
