কুমিল্লা মডার্ন হাইস্কুলের ছাত্র মোমতাহিন হাসান মিরন হত্যার সঙ্গে জড়িত তিন কিশোরকে আটক করেছে কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে তাদের আটক করা হয়।
জানা গেছে, চট্টগ্রামের হালিশহর থেকে হত্যা মামলার আসামি ফজিলাতুন্নেছা মডার্ন স্কুলের ছাত্র নগরীর ঠাকুর পাড়ার নোয়াব মিয়ার ছেলে মো. আমিন ও তার বহিরাগত বন্ধু একই এলাকার আলমগীর হোসেনের ছেলে মো. সৌরভ হোসেন পল্টু ও জাকির হেসেনের ছেলে তুষার আহাম্মেদ রিপনকে আটক করা হয়। এদের মধ্যে বুধবার রাতে আটক হয় রিপন। তাকে ১৬৪ ধারায় জবানবন্দি নিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ। তিনজনই মিরন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
বৃহস্পতিবার সকালে কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলনে আমিন ও পল্টুকে হাজির করে পুলিশ। এ সময় কোতোয়ালি থানার ওসি আবু সালাম মিয়া জানান, জড়িত আবিরসহ অন্যদের দ্রুত আটক করা হবে।
তিনি জানান, ঘটনার পরপরই হত্যার সঙ্গে জড়িতদের আটকের জন্য কুমিল্লা সদরের বিভিন্ন এলাকা ও মুরাদনগর উপজেলায় অভিযান চলানো হয়। পরে জানতে পারেন আমিন ও পল্টু ভোরে চট্টগ্রাম হালিশহর থেকে ঢাকা যাবে, চট্টগ্রাম পুলিশের সহায়তায় ভোরেই তাদের আটক করা হয়।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল রোববার শবে বরাত রাতে বন্ধুর ছুরিকাঘাতে খুন হয় কুমিল্লা মডার্ন হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্র মোমতাহিন হাসান মিরন।
নিহত মোমতাহিন সিঙ্গাপুরপ্রবাসী আবুল কালাম আজাদ ও গৃহিনী নুসরাত জাহান বিঞ্জু’র দ্বিতীয় সন্তান। নিহত মোমতাহিনের বাড়ি নগরীর ঝাউতলা গ্রামীণ ফোন গলি।
এ ঘটনায় নিহতের চাচা কামরুল ইসলাম দুইজনের নাম দিয়ে ও ৮ জনকে অজ্ঞাত রেখে কুমিল্লা কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন।
