শ্রীলঙ্কায় হামলা: ব্যর্থতার দায় নিয়ে প্রতিরক্ষা সচিবের পদত্যাগ

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ০৮:১৫ পিএম

শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলা মোকাবিলায় ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করেছেন দেশটির প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফার্নান্দো।

প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা তার দেশের পুলিশ প্রধান ও প্রতিরক্ষা সচিবকে পদ ছাড়ার নির্দেশ দেওয়ার পরদিনই বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেন হেমাসিরি।

রয়টার্স জানায়, রবিবারের ওই হামলার ঘটনায় তার নিজের দিকে কোনো ধরনের ব্যর্থতা ছিল না বলে দাবি করেন হেমাসিরি। তবে প্রতিরক্ষা সচিব হিসাবে তার অধীনে থাকা নিরাপত্তা সংস্থাগুলোর ব্যর্থতার দায়ভার নিজের ঘাড়ে নিচ্ছেন বলে তিনি জানান।

কয়েকটি গির্জা ও বিলাসবহুল হোটেলে পরিচালিত ওই হামলায় ৩৫৯ জন নিহত ও পাঁচশ’র বেশি আহত হয়েছে।

ভয়াবহ এ সন্ত্রাসী হামলার অন্তত দুই ঘণ্টা আগে দেশটির গোয়েন্দা সংস্থাকে সতর্ক করেছিল ভারতের গোয়েন্দা বাহিনী।

একইভাবে শ্রীলঙ্কার পুলিশপ্রধান পুজুথ জয়াসুন্দরা জানিয়েছিলেন, এ ধরনের একটি ঘটনা ঘটতে পারে বলে তিনি দেশটির শীর্ষ কর্মকর্তাদের ১০ দিন আগেই সতর্ক করেছিলেন। যদিও শেষ পর্যন্ত কোনো সতর্কবার্তা কাজে আসেনি।

প্রশাসনে অভ্যন্তরীণ দ্বন্দ্ব আর সিনিয়র কর্মকর্তাদের খামখেয়ালির কারণে আগে থেকে তথ্য পেয়েও জঙ্গি হামলা ঠেকাতে পারেনি শ্রীলঙ্কা। বিষয়টি নিয়ে ভীষণ চাপে পড়েছে দেশটির সরকার। এর প্রেক্ষাপটে দেশের পুলিশ প্রধান ও প্রতিরক্ষা সচিবকে পদ ছাড়ার নির্দেশ দেন প্রেসিডেন্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত