সিরাজগঞ্জের তাড়াশে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীকে যৌন হয়রানির অপরাধে বৃহস্পতিবার তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের কম্পিউটার প্রদর্শক মোজাহারুল ইসলাম (৪০)কে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গত বুধবার তাড়াশ সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা চলাকালে যৌন হয়রানির ঘটনা ঘটে। যৌন হয়রানির শিকার ওই ছাত্রী কলেজ অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ করে।
অভিযোগ থেকে জানা যায়, তিনি বিএম শাখার ১ম বর্ষের শিক্ষার্থী। ঘটনার দিন কম্পিউটার প্রোগ্রামিং পরীক্ষা চলাকালে ওই দিন বিকেল সাড়ে ৪ টার দিকে কম্পিউটার প্রদর্শক মোজাহারুল ইসলাম অনৈতিকভাবে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। এর আগেও কলেজ চত্বরে তিনি তাকে একাধিকবার উত্ত্যক্ত করেছেন বলে তার অভিযোগে উল্লেখ করেছেন।
পরীক্ষার্থীকে যৌন হয়রানির বিষয়টি কলেজে জানাজানি হলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই প্রদর্শককে মারধর করে কলেজের একটি কক্ষে আটকে রাখেন।
তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাফর ইকবাল বলেন, ম্যানেজিং কমিটির সাথে আলোচনা করে অভিযুক্ত কম্পিউটার প্রদর্শককে বুধবার রাতেই পুলিশে সোপর্দ করা হয়।
এ ব্যাপারে তাড়াশ থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ওই ছাত্রী নিজে বাদী হয়ে মামলা দায়ের করায় বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
