স্বেচ্ছাশ্রমে তৈরি কাঠের সাঁকো

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ০১:৪১ এএম

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তর নারায়ণপুর বেকাটারি গ্রামে ঘাঘট নদীর ওপর গ্রামবাসীর  স্বেচ্ছাশ্রমে নির্মিত হচ্ছে কাঠের সাঁকো। সাঁকো নির্মাণে উপকরণ ও অর্থ দিচ্ছেন গ্রামবাসীই।

গত সোমবার বিকেলে জেলা শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে ওই গ্রামে সরেজমিনে দেখা গেছে, নদীতে গাছের গুঁড়ি দিয়ে খুঁটি দেওয়া হয়েছে। সাঁকোর পাটাতন তৈরির জন্য কাজ করছেন মিস্ত্রিরা। আর এসব কাজে সহযোগিতা করছেন গ্রামের মানুষ। গত ১৫ দিন ধরেই চলছে এ কাজ। সাঁকো তৈরির কাজে গাছ ও সামর্থ্য মতো টাকা দিয়েছেন তারা। 

সাঁকো তৈরির উদ্যোক্তা আলমগীর হোসেন বলেন, ‘আমাদের গ্রামের ১০৩টি পরিবারের পাঁচ শতাধিক মানুষকে তিন কিলোমিটারেরও বেশি এলাকা ঘুরে শহরে যাতায়াত করতে হয়। অথচ এই সাঁকোটি তৈরি হলে স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ অসুস্থ মানুষ ও বৃদ্ধদের অনেক উপকার হবে। সাঁকো তৈরিতে পাঁচ লাখ ৬০ হাজার টাকা ব্যয় ধরা হলেও গত ছয় মাসে সংগ্রহ হয়েছে এক লাখ ৬০ হাজার টাকা। প্রতিদিন মিস্ত্রিদের তিন হাজার টাকা মজুরি দিতে হচ্ছে। আমাদের আরও টাকার দরকার।’

ইউপির সংরক্ষিত ওয়ার্ডের সদস্য লুমা বেগম বলেন, পার্শ¦বর্তী কুপতলা ইউনিয়নের কিশামত বালুয়া গ্রামের মানুষও এ সাঁকো দিয়ে চলাচল করবে। দুই ইউনিয়নের ওই দুটি গ্রাম ছাড়াও আশপাশের গ্রামগুলোর সহস্রাধিক মানুষ ব্যবহার করবে সাঁকোটি।

এ ব্যাপারে কথা বলতে বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ঝন্টুর মুঠোফোনে কল দিয়ে তা বন্ধ পাওয়া গেছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার রায় বলেন, ‘এটি একটি ভালো উদ্যোগ। এ ব্যাপারে আমরা সহযোগিতা করতে পারব। আমাদের একটি আবেদন দিলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত