নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের শালিখা গ্রামে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ডাবলু শেখকে (৪৮) কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে শালিখা বাজারে এ হত্যাকাণ্ড ঘটনা ঘটে।
নিহত ডাবলু পুরাতন শালিখা গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে। এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে
বাশগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএম রফিকুল ইসলাম জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শালিখা ও কামালপ্রতাপ গ্রামের সমন্বয়ে দীর্ঘদিন ধরে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল। সামাজিক দলাদলির একটি গ্রুপের নেতৃত্ব দেন কামালপ্রতাপ গ্রামের এসএম মাহবুবুল আলম বিদ্যুৎ, শালিখা গ্রামের মাসুদ ও মোহাম্মদ মাস্টার। এছাড়া অপর গ্রুপের নেতৃত্ব দেন বাশগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শালিখা গ্রামের বাবলুর রহমান বাবুল ও আফসার শেখ।
নিহতের বড় ভাই ও বাশগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শালিখা গ্রামের বাবলুর রহমান বাবুল জানান, তার ভাই ডাবলু শেখ বৃহস্পতিবার রাতে শালিখা বাজারে তার আরেক ছোট ভাই আমিরুলের ওষুধের দোকানে বসে আইপিএল খেলা দেখছিলেন।
এ সময় ৩/৪ দিন আগে স্থানীয়ভাবে একটি মেলার আয়োজন নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ এসএম মাহবুবুল আলম বিদ্যুতের নেতৃত্বে ২৫/৩০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্রাদি নিয়ে শালিখা বাজারে এসে দোকানে ঢুকে ডাবলু শেখকে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। এসময় ডাবলু শেখের হাত, ঘাড় ও বুকে কুপিয়ে গুরুতর আহত করে।
স্থানীয় লোকজন গুরুতর জখন ডাবলু শেখকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ডাবলু ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর সেনাবাহিনীর চাকরি থেকে অবসরে আসেন।
সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মৃতদেহের ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।
