নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় জৈনপুরী পীর এনায়েত উল্লাহ আব্বাসীর ছোট ভাই নেয়ামত উল্লাহ আব্বাসীর নেতৃত্বে একটি গার্মেন্টসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে নেয়ামত উল্লাহ আব্বাসীর নেতৃত্বে তার অনুগামীরা পুলিশের ওপরেও হামলা চালায়। পরে সিদ্ধিরগঞ্জ থানার ওসির নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে নেয়ামত উল্লাহ আব্বাসীর ৪ সহযোগীকে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার দিনগত রাত বারোটার দিকে এইচ এন এপারেলস লিমিটেড নামের একটি গার্মেন্টসে এ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিনই গভীর রাতে সিদ্ধিরগঞ্জ থানায় নেয়ামত উল্লাহ আব্বাসীসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড় শ জনের বিরুদ্ধে গার্মেন্টসটির কর্মকর্তা মো. মহিউদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, রাত ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় জৈনপুরী পীর এনায়েত উল্লাহ আব্বাসীর ছোট ভাই নেয়ামত উল্লাহ আব্বাসীর নেতৃত্বে আমির উদ্দিন, মঞ্জুর রহমান, হাসানুর রহমান, ইমরান হোসেন, ফয়সাল, কাউসার, চঞ্চল, রাব্বি, শিবলু, রোমানসহ অজ্ঞাত ১৫০ জন দলবদ্ধভাবে লাঠি, লোহার রড, বল্লম, শাবল, হ্যামার নিয়ে এইচ এন অ্যাপারেলস লিমিটেডের টিনশেড বিল্ডিংয়ের প্রিন্ট ফ্যাক্টরির দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে কারখানার ১০ লাখ টাকা ক্ষতিসাধন ছাড়াও কারখানার অভ্যন্তরে থাকা প্রিন্টিং কেমিক্যাল, প্রিন্টিং মেশিন, কিউরিং মেশিন, কার্টুন রোলসহ ১০ লাখ টাকা মূল্যের সামগ্রী লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এ সময় হামলাকারীরা ফ্যাক্টরি ছেড়ে না গেলে কর্মকর্তা কর্মচারীদের প্রাণনাশের হুমকি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এজাহারনামীয় আসামি আমির উদ্দিন, মঞ্জুর রহমান, হাসানুর রহমান, ইমরান হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জৈনপুরী পীর এনায়েত উল্লাহ আব্বাসীর ছোট ভাই নেয়ামত উল্লাহ আব্বাসীর নেতৃত্বে কারখানাটিতে হামলা চালানোর খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসলে তাদের ওপরেও চড়াও হয় আব্বাসীর লোকজন। পরে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীন শাহ পারভেজের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে নেয়ামত উল্লাহ আব্বাসীর ৪ সহযোগীকেও গ্রেপ্তার করে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীন শাহ পারভেজ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে দেশ রূপান্তরকে জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রসঙ্গত, এর আগে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের নবীগঞ্জ ফেরিঘাট এলাকায় দু’টি লঞ্চে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক চলাকালে জৈনপুরী হুজুর এনায়েতউল্লাহ আব্বাসীর বড় ভাই সৈয়দ ইমদাদ উল্লাহ আব্বাসীসহ জামায়াত ও শিবিরের ১০ নেতা-কর্মীকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে আটককৃতদের বিরুদ্ধে নাশকতা আইনে মামলা দায়ের করা হয়।
