বন্ধুদের সঙ্গে জাফলংয়ে বেড়াতে গিয়ে গোসল করতে নেমে পিয়াইন নদীতে নিখোঁজ হয়েছে এমসি কলেজের ছাত্র আকিকুর রহমান অনিক।
শুক্রবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। সন্ধ্যা পৌনে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অনিকের কোন খোঁজ পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
নিখোঁজ অনিক হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা সদরের ধলা মিয়ার ছেলে। সে সিলেট নগরীর আম্বরখানায় একটি মেসে থেকে এমসি কলেজে পড়াশোনা করে।
গোয়াইনঘাট থানার ওসি আবদুল জলিল দেশ রূপান্তরকে জানান, অনিকসহ ৮ বন্ধু জাফলংয়ে বেড়াতে গিয়েছিল। তারা জাফলং জিরো পয়েন্টের কাছাকাছি পিয়াইন নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে অনিকসহ তিনজনকে খুঁজে না পেয়ে তাদের সঙ্গীরা চিৎকার শুরু করে। তখন আশপাশের শ্রমিকরা দ্রুত গিয়ে দুজনকে উদ্ধার করলেও অনিকের কোন খোঁজ পায়নি।
খবর পেয়ে গোয়াইনঘাট থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অনিকের সন্ধান শুরু করে। ওসি জানান, অনিকের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরিরা কাজ করে যাচ্ছেন।
