প্রচলিত অস্ত্রের কেনাবেচা নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ বৈশ্বিক চুক্তি থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তার দেশ কোনো চুক্তি ছাড়াই অস্ত্র বাণিজ্য করতে চায়।
অনেক কাঠখড় পুড়িয়ে জাতিসংঘ ওবামার আমলে দেশটিকে অস্ত্র-বাণিজ্য চুক্তির আওতায় এনেছিল। সেটা ২০১৩ সালের কথা।
বছরে বিশ্বব্যাপী সাত হাজার কোটি ডলারের প্রচলিত অস্ত্র কেনাবেচা হয়। বিষয়টি নিয়ন্ত্রণ করার জন্য জাতিসংঘ তাদের সদস্য দেশগুলোকে একটি চুক্তির আওতায় আনার চেষ্টা করে। অবৈধ অস্ত্র ব্যবহারের কারণে বিশ্বে প্রতিবছর সাত লাখ ৫০ হাজার মানুষ মারা যায়।
লবিং গ্রুপের বার্ষিক সভায় ট্রাম্প বলেন, আমি সিনেটকে চুক্তির বিষয়ে সমর্থন তুলে নিতে বলব।
যুক্তরাষ্ট্র অস্ত্রের সব থেকে বড় রপ্তানিকারক দেশ। দ্বিতীয় স্থানে থাকা রাশিয়ার চেয়ে তারা ৫৮ শতাংশ বেশি অস্ত্র বিক্রি করে।
ট্রাম্প বলেন, ‘আমার প্রশাসন কারও হাতে আমেরিকার সার্বভৌমত্ব তুলে দেবে না। আমরা এই চুক্তিতে থাকছি না।’
হোয়াইট হাউজ থেকেও ট্রাম্পের বক্তব্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘এই চুক্তি দায়িত্বহীন অস্ত্র স্থানান্তর সমস্যা সমাধানে সত্যিকার অর্থে ব্যর্থ। কারণ রাশিয়া, চীনসহ অন্য শীর্ষ দশ অস্ত্র রপ্তানিকারক দেশ এর আওতায় নেই।’
জাতিসংঘ ট্রাম্পের বক্তব্যের বিষয়ে এখনো অন্ধকারে। রয়টার্সকে সংস্থাটির কর্মকর্তারা বলেছেন, এ বিষয়ে তারা কিছুই জানেন না।
