ঢাকার ইডেন কলেজের ছাত্রী সায়মা কালাম মেঘার (২০) আত্মহত্যার ঘটনায় একটি তিন পৃষ্ঠার সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেখানে আত্মহত্যার ঘটনায় মাহিবী ও তার মা সেলিনা বেগমকে দায়ী করা হয়েছে।
শুক্রবার রাতে মেঘার ব্যবহৃত কাপড়ের লাগেজের ভেতর ভ্যানিটি ব্যাগ থেকে তার এ সুইসাইড নোট উদ্ধার করে মেঘার বাবা আবুল কালাম।
মেঘা ইডেন কলেজের সমাজ কল্যাণ বিভাগের ২য় বর্ষের ছাত্রী ছিলেন। গত রবিবার সন্ধ্যায় ঢাকার কাঁঠালবাগান এলাকার ফ্রি স্কুল স্ট্রিট এর চারতলা বাড়ির চতুর্থ তলার একটি কক্ষ থেকে গলায় ফাঁস লাগানো তার লাশ উদ্ধার করে পুলিশ।
মেঘার বাবা আবুল কালাম বলেন, মেয়ের মৃতদেহের সাথে কলাবাগানের বাসা থেকে ব্যবহৃত কাপড়সহ মেঘার লাগেজ বাড়িতে নিয়ে আসি। মেঘার দাফনের পর মেয়ে হারানোর শোকে ওর লাগেজ আর খোলা হয়নি। মেঘার মা লাগেজটি দেখে বারবার কান্নায় ভেঙে পড়ে। তাই কাপড়গুলো গরিব মানুষকে দেয়ার জন্য ওর লাগেজ খুলি এবং লাগেজের ভিতর ছোট্ট ভ্যানিটি ব্যাগে আমার মেয়ের লেখা তিন পৃষ্ঠার একটি চিঠি পাই। চিঠিতে ও সব লিখে গেছে। আমার মেয়েটারে মাহিবী ও তার মা সেলিনা বেগম বাঁচতে দেয় নাই।
মেঘার বাবা আরও জানান, সে চিঠিতে লিখেছে ‘আমার লাশের পাশে যেন মাহিবী আসতে না পারে’।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ঝালকাঠির পূর্ব চাঁদকাঠির বাসায় এক সংবাদ সম্মেলন করে মেঘার প্রেমিক মাহিবী ও তার মা সেলিনা বেগমের প্ররোচনায় মেয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ তোলেন আবুল কালাম।
