পাবনার বেড়ায় দুর্বৃত্তের হাতে যুবক, যশোরের মণিরামপুরে ভাই-ভাগ্নেদের হাতে কৃষক এবং নড়াইলের লোহাগড়ায় প্রতিপক্ষের হাতে ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক খুন হয়েছেন। চাঁদপুরের হাইচরের মেঘনায় জেলেদের সঙ্গে সংঘর্ষে নিখোঁজ কনস্টেবলের লাশ বরিশালের হিজলার মেঘনা থেকে এবং সিরাজগঞ্জের রায়গঞ্জের সলঙ্গায় উদ্ধার করা হয়েছে ভেকু চালকের লাশ। প্রতিনিধিদের পাঠানো খবর :
পাবনা : বেড়া উপজেলার আমিনপুরে নুরুজ্জামান (২৮) নামে এক প্রবাসী যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতের কোনো একসময় তাকে হত্যা করা হয়। গতকাল রবিবার সকালে বাড়ির পাশের মাঠে তার লাশ পাওয়া যায়।
যশোর : মণিরামপুরে সেচ পাম্পের (মোটর) মালিকানা নিয়ে বিরোধের জেরে বড়ভাই ও দুই ভাগ্নের হাতে যাদব সেন (৫৮) নামে এক কৃষক খুন হয়েছেন। যাদব উপজেলার প্রতাপকাঠি তাড়–য়াপাড়া এলাকার মৃত সুরেন সেনের ছেলে। গতকাল সকালে ডুমুর বিলে এ ঘটনা ঘটে।
নড়াইল : লোহাগড়া উপজেলার সারোল গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গতকাল সকালে লিপু শেখ (৪০) নামে ভাড়ায়চালিত এক মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
সিরাজগঞ্জ : রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার নলকা ইউনিয়নের কুমাজপুর দত্তকুশা এলাকার তন্ময় ব্রিকসের পাশের একটি পুকুর থেকে গতকাল সকালে পুলিশ নিখোঁজের দুদিন পর গোলাম মোস্তফা (৩০) নামে ইটভাটার ভেকুচালকের লাশ উদ্ধার করেছে।
চাঁদপুর : হাইমচরের মেঘনা নদীতে জেলেদের সঙ্গে সংঘর্ষে নিখোঁজ পুলিশের কনস্টেবল মোশারফের লাশ দুদিন পর গতকাল বেলা ১১টায় বরিশালের হিজলা এলাকায় মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে।
