তুরাগতীরে উচ্ছেদে হামলা, পুলিশের ফাঁকা গুলি

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ০৪:২৮ এএম

টঙ্গীর তুরাগ নদীর তীরে চলমান অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকারীদের ওপর হামলা হয়েছে। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। গতকাল রবিবার চতুর্থ পর্যায়ে প্রথম দিনের অভিযানে বিসিক শিল্পনগরীর বহুতল ভবন, অবৈধ গার্মেন্ট কারখানা ও ডাইং ওয়াশিংয়ের স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। টঙ্গী পূর্ব থানার পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, দুপুরে টঙ্গীর বিসিকে অনন্ত গ্রুপের প্যারাডাইস ডাইং ওয়াশিংয়ের সপ্তম তলা ও ষষ্ঠতলা

 ভবনটি উচ্ছেদে কারখানার শ্রমিক ও কর্মকর্তারা বাধা দেন। একপর্যায়ে শ্রমিকরা অভিযানকারী ও পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে। পরে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। চার ঘণ্টা পর এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় ও মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেন বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হাসনাত জানান, গতকাল টঙ্গী নদীবন্দর টার্মিনাল থেকে মাউসাইদ মৌজার রশিদ অটোব্রিক্স পর্যন্ত তুরাগ নদের উভয় তীরে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের ৩৪তম দিনে ছোট-বড় মিলিয়ে ২৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সাত তলা একটি, পাঁচ তলা একটি, দোতলা একটি, একতলা সাতটি, আধা পাকা ১০টি, টিনশেড পাঁচটি, সীমানা প্রাচীর চারটি। অভিযানে এক একর জমিও দখলমুক্ত করা হয় বলে জানান হাসনাত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত