রাজশাহীর চারঘাটে ছাত্রলীগের সভাপতি পরিচয় দিয়ে ঠিকাদারের কাছে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রলীগের সভাপতির হাতে আটক হয়েছেন এক প্রতারক। পরে চাঁদাবাজকে পুলিশে দেওয়া হয়। আটক আশিক হোসেন (২৬) বাঘা উপজেলার বকুলতলা গ্রামের মজিবুল হকের ছেলে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষার বলেন, নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-২-এর চারঘাট জোনাল অফিসের ভবন নির্মাণকাজ করছিলেন ঠিকাদার আবদুল মালেক। আবদুল মালেকের সাইট দেখাশোনা করা ব্যক্তি মোফাজ্জল হোসেনের কাছে কয়েক দিন থেকে আশিক নামের এক ব্যক্তি আমার পরিচয় দিয়ে চাঁদা দাবি করে আসছিলেন। পরে গতকাল সোমবার সকালে আশিক চাঁদা নিতে এলে আবার নিজেকে ছাত্রলীগের উপজেলা সভাপতির পরিচয় দেন। এ সময় ফোন পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রতারক আশিককে আটক করে পুলিশে দিই।
চারঘাট মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে আশিক নামের ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে গেছে।
