সহকর্মীকে বহিষ্কারের প্রতিবাদে মহানগরের তারগাছ এলাকায় তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন (শিক্ষানবিশ) চিকিৎসরা কর্মবিরতি পালন করেছেন। কলেজের ইন্টার্ন চিকিৎসকদের সংগঠন ইচিব-এর সাধারণ সম্পাদককে হাসপাতাল থেকে বহিষ্কার করায় গতকাল সোমবার সকালে এ কর্মসূচি পালিত হয়।
ইন্টার্ন চিকিৎসকদের দাবি, উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রশাসনের রোষানলে পড়েছেন ইচিব নেতা আহমেদ বুলবুল। বহিষ্কৃত ইন্টার্ন চিকিৎসক বুলবুল জানান, গত ফেব্রুয়ারিতে আরেক ইন্টার্ন চিকিৎসক মামুনের বিরুদ্ধে এক নারী ইন্টার্নকে বিভিন্নভাবে উত্ত্যক্তের অভিযোগ ওঠে। এ নিয়ে মামুনকে ডেকে পাঠালে তিনি না আসায় উত্তেজিত হয়ে একপর্যায়ে বুলবুল তাকে থাপ্পড় মারেন। এরপর গত ২১ এপ্রিল বুলবুলকে ছয় মাসের বহিষ্কারাদেশ দেয় কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবদুল খালেক আকন্দ বলেন, শৃঙ্খলা কমিটি বুলবুলকে বহিষ্কার করেছে। তিনি পুনর্বিবেচনার আবেদন করলে কমিটি বিষয়টি বিবেচনা করবে। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কোনো যৌক্তিকতা নেই।
