স্কুল পুড়িয়ে দেওয়ার অভিযোগে জহিরুল ইসলাম (১৯) নামে এক যুবককে আটক করেছে শ্রীপুর পুলিশ। গত রবিবার রাত সাড়ে ৩টার দিকে পৌর এলাকার মাওনা চৌরাস্তার বারতোপা রোডে অবস্থিত বর্ণমালা কিন্ডারগার্টেন স্কুলে এ ঘটনা ঘটে। জহিরুল পৌর এলাকার কেওয়া পশ্চিমখন্ড গ্রামের আলী হোসেনে ছেলে।
স্কুল পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সামসুল হক জানান, রবিবার গভীর রাতে অগ্নিকাণ্ডের খবর পাই। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে শিক্ষক মিলনায়তনের চারটা টেবিল, ৩০টি চেয়ার, একটি কম্পিউটার, তিনটি সিলিং ফ্যান ও একটি প্রিন্টারসহ অফিস কক্ষের যাবতীয় মালামাল পুড়ে গেছে। এ ছাড়া আগুন নেভানোর সময় স্কুলের ছাদ থেকে জহিরুলকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।
শ্রীপুর থানার এসআই আবদুল মালেক জানান, জহিরুল ওই প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
